জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (০৪ এপ্রিল) কবির ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ফুলেল শুভেচ্ছা জানান।
উপাচার্যের দপ্তর সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান। উপস্থাপনা শেষে উপাচার্যের পক্ষ থেকে প্রতিমন্ত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনাকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করলে দুই প্রতিমন্ত্রীই প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, স্বল্প সময়ের জন্য হলেও দুই প্রতিমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে বড় কোনো আয়োজনে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও তিনি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ ত্রিশাল ও ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

