চলমান বিদ্যুৎ সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামী শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান জানান, বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবারও মেডিকেল কলেজ বন্ধ থাকবে এবং শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব জানান, একই কারণে বিশ্ববিদ্যালয়ও বুধবার দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

