রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যায়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মন্ডল একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন সকালে তিনি তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে তার কোলে থেকে ছিটকে পড়ে এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ টিম পাঠানো হয়েছে।

