তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর এসব জরিপে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই তিনি উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা তৈরি করেছেন বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে অংশ নেন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বুথফেরত জরিপে।
বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোট পেতে পারে ৬০ থেকে ৮০টি আসন। কিছু জরিপে আবার বিজয়ের দলকে তুলনামূলক কম আসনও দেওয়া হয়েছে।
এদিকে কয়েকটি বিশ্লেষক সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী আগ্রহের প্রতিফলন। এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এই পূর্বাভাস চূড়ান্ত ফলাফলে কতটা বাস্তবায়িত হয় এবং প্রথম নির্বাচনে ইতিহাস গড়তে পারেন কি না বিজয়।

