ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় এসপি পদে রদবদল আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ছাত্রজীবনে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

