রাজশাহীর চারঘাটে এক দম্পতির ওপর নৃশংস হামলার পর স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ট্রেন ও স্টেশনে পপকর্ন বিক্রি করতেন ওই দম্পতি। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তারা প্রতিদিনের মতো পপকর্ন বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে রাত প্রায় ১টার দিকে সরদহ রেলস্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে নিয়ে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তার চিৎকারে আশপাশের কেউ এগিয়ে না এলেও পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এরপর তিনি পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম (৩৫), যার বাড়ি উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে।
সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির জানান, ঘটনাটি গভীর রাতে ঘটায় তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি জানতে পারেননি। পরে অবহিত হলে পুলিশকে জানানো হয়।
চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

