মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক কোণে দাঁড়িয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়া সেই কিশোরের ভিডিও নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে। গায়ে সাধারণ শার্ট, হাতে এক কাপ চা—আর একটি জোকস শুনে তার সেই নির্মল হাসি মুহূর্তেই সবার মন ভালো করে দেয়। সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রল আর রিলসে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে ওঠে এই হাসি।
এই হাসির পেছনের কিশোরের নাম অরুণ কুমার। মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অরুণের জীবন ছিল শুরু থেকেই সংগ্রামের। অভাবের কারণে চতুর্থ শ্রেণির পরই তাকে পড়াশোনা ছেড়ে নামতে হয় জীবনের কঠিন বাস্তবতায়। অল্প বয়সেই তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন।
অরুণ কাজ করতেন ‘নেহেরু’ নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে, যাকে তিনি স্নেহভরে ‘নেহেরু আন্না’ বলে ডাকতেন। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর নেহেরু তাকে এক কাপ চা দেন এবং একটি মজার জোকস শোনান। সেই জোকস শুনে অরুণের প্রাণখোলা হাসি দেখে নেহেরু সেটি নিজের মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করেন। আর সেখান থেকেই শুরু—মুহূর্তের মধ্যেই অরুণ হয়ে ওঠেন বিশ্বজুড়ে পরিচিত এক মুখ।
তবে তার ভাইরাল হওয়া শুধুই লাইক-কমেন্টে সীমাবদ্ধ থাকেনি। অরুণের সেই হাসি নজর কাড়ে ভারতের রাজ্য সরকারেরও। সরকারি সহায়তায় তার জীবনে আসে বড় পরিবর্তন। ট্রাকের হেলপারের কাজ ছেড়ে তিনি আবার ফিরে যান স্কুলে—যে পড়াশোনা একসময় বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছিল।
বর্তমানে অরুণ নিয়মিত পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে গ্র্যাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন। তবে সাফল্যের এই পথে এগিয়েও তিনি ভুলে যাননি তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ নেহেরু আন্নাকে। তাকে পাশে নিয়েই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চান তিনি।
ট্রাকের ধুলাবালিতে ভরা জীবন থেকে শিক্ষার আলোয় ফিরে আসা অরুণের এই গল্প যেন এক জীবন্ত রূপকথা। যা আমাদের মনে করিয়ে দেয়—একটি অকৃতিম হাসিও কখনও কখনও বদলে দিতে পারে পুরো জীবন।

