নতুন প্রজন্মের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পড়তেও হবে, খেলতেও হবে। নিজেকেই ঠিক করতে হবে তুমি কী করবে—সেটি খেলা হোক বা পড়াশোনা। যে যেটা হতে চায়, সরকার তাকে সেই লক্ষ্যেই সহযোগিতা করবে।”
শনিবার (২ মে) বিকেলে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “পাঁচ আগস্ট ছাত্র-জনতা দেশ স্বাধীন করেছে এবং আগামীর বাংলাদেশ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর। আজকের শিশু-কিশোররাই ভবিষ্যতে বিদেশের মাটিতে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।”
তিনি জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে এক খাবার টেবিলে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেই পরিকল্পনা আজ বাস্তবে রূপ পেয়েছে। তার বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরা সম্ভব এবং এই আয়োজন থেকেই আন্তর্জাতিক মানের নতুন তারকা তৈরি হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা যাত্রা শুরু করে দিচ্ছি, তোমরাই দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেককে খেলাধুলার পাশাপাশি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।”
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সরকার শিশুদের আগ্রহ ও প্রতিভা বিকাশে বিনিয়োগ করতে এবং তাদের স্বপ্ন পূরণে পাশে থাকতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

