চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারী শ্রমিকেরা আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড–এর কর্মী। শ্রমিকদের অভিযোগ, গত এক বছর ধরে নিয়মিত বেতন পরিশোধে গড়িমসি করছে কারখানা কর্তৃপক্ষ। সর্বশেষ টানা তিন মাস ধরে বেতন বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
সকাল থেকে কারখানার সামনে দুই পাশের সড়ক অবরোধ করে অবস্থান নেন শত শত শ্রমিক। কয়েকজন শ্রমিক সড়ক বিভাজকের কাঁটাতার খুলে রাস্তার ওপর টানিয়ে দেন, ফলে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে অন্তত ৫০০ শ্রমিককে অবস্থান করতে দেখা যায়।
অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে আশপাশের সড়ক ও আখতারুজ্জামান উড়ালসড়কের দুই নম্বর গেট র্যাম্পেও। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শ্রমিক মো. রহিম বলেন, “বেতন চাইলে কখনো ১০ তারিখ, কখনো ২০ তারিখের আশ্বাস দেওয়া হয়। এভাবে তিন মাস পার হয়ে গেছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে।” আরেক শ্রমিক ফাতেমা বেগম বলেন, “আমরা ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় নেমেছি। পাওনা পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি শান্ত করতে এবং সমস্যার সমাধানে প্রশাসন কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

