নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিয়েবাড়িতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (০১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর অতিরিক্ত লোকসমাগমের কারণে খাবারের সংকট দেখা দেয়।
কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি লোক নিয়ে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে চেয়ারে, বাঁশ ও কাচের প্লেট ব্যবহার করে হামলা চালানো হয়, এতে অন্তত ১৫ জন আহত হন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

