নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—সুনামগঞ্জের দিরাই উপজেলার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ফারিয়া (৮) এবং রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা (৭)।
জানা যায়, তাদের পরিবার সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এবং উভয়ের বাবা-মা পোশাক কারখানায় কর্মরত। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। একপর্যায়ে ফারিয়া গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

