সোনারগাঁও ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকগণ, কো-অর্ডিনেটর প্রভাষক আবদুর রহমান, নুসরাত জেরিন ও আফ্রোদিতি বৃষ্টি। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ডিজিটাল সংবাদ পরিবেশন, ভিডিও কনটেন্ট নির্মাণ, নিউজ প্রোডাকশনসহ মাল্টিমিডিয়া বিভাগের নানা দিক সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তিনি শিক্ষার্থীদের সামনে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল জানাতে গিয়ে হায়দার আলী বলেন, ‘সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে, মিথ্যার সঙ্গে আপস করা যাবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। একজন সাংবাদিকের বড় শক্তি হচ্ছে তার সত্য। প্রতিবেদন তথ্যভিত্তিক হলে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, দুর্বল বোধ করবে।’ নিজের দীর্ঘ অনুসন্ধানী সাংবাদিকতা জীবনের গল্প তুলে ধরে হায়দার আলী বলেন, ‘সাংবাদিককে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে। সেই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও ইতিহাসের প্রতি থাকতে হবে দায়বদ্ধ। আলোচনায় বর্তমান সময়ে অপতথ্য রোধে ফ্যাক্ট-চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস ও মাল্টিমিডিয়ার ইনচার্জ রাজীবুল হাসান। এ সময় ডেপুটি ইনচার্জ আলী আফতাব, চিফ রিপোর্টার ইকলাচুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সোনারগাঁও ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আবদুর রহমান বলেন এই পরিদর্শনটি আমাদের শিক্ষার্থীদের নিউজরুমের বিভিন্ন কার্যক্রম ও সংবাদ তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণের এক মূল্যবান সুযোগ করে দিয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতা তাদেরকে অনুপ্রনিত করেছে। এই ধরনের উদ্যোগগুলো পরিবর্তনশীল গণমাধ্যম জগতে দক্ষ ও যোগ্য সাংবাদিকদের প্রস্তুত করার ক্ষেত্রে সোনারগাঁও ইউনিভার্সিটির অঙ্গীকারকে প্রতিফলিত করে।

