দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে জেলা প্রশাসন ও দলীয় নেতারা সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম ও মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতাও জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি একটি সুধী সমাবেশ ও বড় জনসভায় অংশ নেবেন।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকেরা। প্রস্তুতির অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থলও ঘুরে দেখেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২০০৪ সালে সর্বশেষ তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর আগমন চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়। সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

