মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাছ থেকে সেটি পর্যবেক্ষণ করলে বোমা সদৃশ মনে হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সময় একটি রহস্যজনক চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটটি পলিথিনে মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তুর সঙ্গে ছিল। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলেই সেটি খোলা হয়নি। ফলে চিরকুটে কী লেখা রয়েছে, তা এখনো জানা যায়নি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি চিরকুটের রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ।

