কক্সবাজারের উখিয়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ফেলে যাওয়া বাজারের ব্যাগে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। সোমবার ভোরে উখিয়ার বালুখালী এলাকার মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক সোমবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন এবং চেকপোস্ট স্থাপন করেন।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব জানায়, জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

