পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার তৃতীয় রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্যে গেরুয়া শিবির ১৬৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১৭টি আসনে। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।
প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবারের নির্বাচনে তার দলের অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে উঠেছে। চলমান ভোটগণনায় এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকায় রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। তবে একটি আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয়লাভ করেছিল। সে সময় বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন যায় অন্যান্য দলের ঝুলিতে।

