রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (০৪ মে) দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বাঘাইছড়ি উপজেলা থেকে নতুন কমিটির সমর্থনে আসা একটি গাড়িবহর কার্যালয় অতিক্রম করার চেষ্টা করলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করা হয়।
পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে এসে পদবঞ্চিতদের সরিয়ে দেয়। এতে ধাওয়া খেয়ে তারা এলাকা ছেড়ে চলে যায়। এরপর নতুন কমিটির সমর্থনে কয়েকশ নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে সরিয়ে দেন। একই সঙ্গে সোমবার রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ জানান, সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং অভ্যন্তরীণ কোনো বিরোধ নেই। অন্যদিকে, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীমউদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার নতুন কমিটি ঘোষণার পর শনিবারও পদবঞ্চিতরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে দলীয় নেতারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়। তবে সোমবার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলের ঘোষণাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

