পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে পশুর সমাগম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা ট্রাকভর্তি গরু নিয়ে ঢাকায় আসছেন। বিশেষ করে বিশাল আকৃতির গরুগুলো ক্রেতাদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‘সুলতান’, ‘রাজা’, ‘বাদশা’ ও ‘লালবাহার’ নামের গরুগুলো ইতোমধ্যে হাটে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (২৩ মে) থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু হয়েছে। যদিও এখনো পুরোপুরি জমে ওঠেনি হাট, তবুও ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন হাটে ঘুরে ঘুরে পশুর দাম যাচাই করছেন এবং পছন্দের পশু খুঁজছেন।
বিক্রেতারা জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতার চাপ ও বেচাকেনা বাড়বে। এবার গরুর ভালো দাম পাওয়া যাবে বলে আশাবাদী তারা। বিশেষ করে বড় আকৃতির ও সুস্থ পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
এদিকে পশুর হাটগুলোকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন ইজারাদাররা। পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তাকর্মী মোতায়েন এবং সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যানজট ও ভিড় নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

