যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
জানা গেছে, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতাকর্মী নিরাপদ রয়েছেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকায় তাদের আগমনের খবর পাওয়ার পর আগের রাতে যেসব পরিবারকে পুশ-ইন করা হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে সরিয়ে নেয়। পরবর্তীতে তিনি ও তার সহযাত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, ফেরার পথে তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই নিরাপদ আছেন। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সীমান্তে পুশ-ইন, সীমান্ত হত্যা এবং সীমান্তকেন্দ্রিক সহিংসতার বিভিন্ন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দল-মত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বেনাপোল সফরে গিয়েছিলেন এনসিপির এ নেতা।

