ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন অ্যাম্বুলেন্সচালক আকবর আলী (২৭)। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকায়। অপর নিহত আকবর আলীর বাড়ি লক্ষ্মীপুরে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পুলিশ সদস্য উপ-পরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন মারা যান। পরে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে যশোরের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। পথে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। এ সময় অ্যাম্বুলেন্সচালকসহ মোট ছয়জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবর আলীর মৃত্যু হয়। আহত অন্যরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

