বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন ও ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবি জানিয়ে ১৮ মে আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন হাইকোর্টে রিট আবেদন করেন। অন্য আবেদনকারীরা হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

