দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে এবং হামের উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে। একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৭২ জনে পৌঁছেছে।
হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

