সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক সুবিধা ঘোষণা করেছেন। গত ৫ জুন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।
ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে তার চেম্বারে আসা রোগীরা বিনামূল্যে দাঁত ও মুখগহ্বর-সংক্রান্ত চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে পারবেন। এছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।
ডা. শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের অংশ হিসেবেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। তার মতে, খেলাধুলা মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তিনি বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি মানুষের সুস্বাস্থ্য ও সুন্দর হাসি নিশ্চিত করাও তার অন্যতম লক্ষ্য।
এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অফার বা প্রচারণা দেখা গেলেও একজন চিকিৎসকের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

