রাজধানীর মহাখালী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে চলাচলকারী ‘ভাটি বাংলা এক্সপ্রেস’-এর একটি বাস সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনার শিকার হয়।
নিহত ব্যক্তি রফিকুল ইসলাম (৩৫)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার নুরু আলমের ছেলে এবং বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন রনি (২৫) ও ফিরোজ (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৪১ নম্বরের বাসটি সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের হেলপার রফিকুল ইসলামসহ দুই যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. রনি জানান, তিন দিন আগে কাজে ঢাকায় এসেছিলেন রফিকুল। শনিবারই তার বাড়ি ফেরার কথা ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

