জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কুমারপাড়া গ্রামের মৃত নজরুলের ছেলে ইব্রাহিম দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সামাজিক ও পারিবারিক সংকোচের কারণে ছাত্রীটি বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের জানায়নি।
অভিযোগ অনুযায়ী, গত ৪ জুন বিকেল ৪টার দিকে ছাত্রীটি ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে মেয়েটিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার স্বজন ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ফুফুসহ কয়েকজন ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ইব্রাহিম সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা করলে তার বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

