দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩২ শিশু। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৫২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৩ জনে।
একই সময়ে দেশে মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

