পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে আজ রোববার সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন পর্যন্ত দেশটি সফর করবেন ড. খলিলুর রহমান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ৮ জুন মস্কোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এই সফর দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক পর্যালোচনা এবং নতুন ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

