টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলার সুমন (২৬)। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন বাঁশবোঝাই ট্রাকের শ্রমিক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কালিয়া বাজারসংলগ্ন পল্টনপাড়া এলাকায় একটি ট্রাকে বাঁশ তোলার কাজ চলছিল। এ সময় বড়চওনা দিক থেকে আসা দ্রুতগতির একটি মুরগিভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং মরদেহগুলো উদ্ধার করেন। জানা গেছে, পিকআপটি ঘাটাইলের সাগরদীঘি এলাকা থেকে মুরগি নিয়ে ঢাকার মিরপুরে যাচ্ছিল।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল মামুন জানান, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিভর্তি পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো থানায় রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

