বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সময় যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তিনি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আগ্রহের কথাও তুলে ধরেন।

