ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবিত, ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে বিশ্রামে রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) দেশের একটি সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে নিয়মিত চেকআপ করাচ্ছেন বলেও জানান তিনি।
অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। এরই মধ্যে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তৃতীয় অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নতুন কোনো জটিলতা এড়াতে তিনি বর্তমানে বাইরে কম বের হচ্ছেন এবং অধিকাংশ সময় বাসায় থাকছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরার পর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয় এবং এ জন্য কিছুটা সময় প্রয়োজন।
উল্লেখ্য, ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

