কুমিল্লার নিমসার এলাকায় উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
তিনি জানান, গত মঙ্গলবার সকালে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একটি দল নিমসার বাজার এলাকায় উল্টো পথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার, ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকায় আরও একটি ইজিবাইক আটক করলে চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে চালকের চিৎকারে আশপাশ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোরিকশাচালক সংঘবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। হামলাকারীরা পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরও চালায়।
ঘটনার পর ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে বুড়িচং থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সুপার জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

