কক্সবাজার সফরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বের হলে ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সফরের শুরুতেই তিনি পিএমখালী এলাকায় পাতলী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বিমানবন্দর থেকে খাল এলাকা পর্যন্ত রাস্তার দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান।
ঐতিহাসিক পাতলী খালটি ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খনন করা হয়েছিল। গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নে তার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এটি পরিচিত।
সরকারি পরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খাল খননের পাশাপাশি পরিবেশ রক্ষায় পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিনভর কর্মসূচি শেষে রাতে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

