বিশ্বকাপ ফুটবল শুরু হতেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজন করছেন ভক্তরা। এরই ধারাবাহিকতায় পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনা সমর্থকেরা ২০২২ ফুট দীর্ঘ একটি পতাকা তৈরি করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পতাকাটি নিয়ে শোভাযাত্রা করার পর পুরো গ্রামজুড়ে তা টাঙিয়ে দেওয়া হয়। সমর্থকদের দাবি, ২০২২ ফুট দৈর্ঘ্যের এই আর্জেন্টিনার পতাকা শুধু পাবনাতেই নয়, বাংলাদেশের সবচেয়ে বড় আর্জেন্টিনা পতাকা।
জানা গেছে, বালুদিয়ার গ্রামের তিন তরুণ—রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন—২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা করেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে ধারণ করে এবং দলকে উৎসাহ জানাতে তারা ২০২২ ফুট দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেন।
গ্রামের শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগে আর্থিক সহায়তা দেন। প্রায় ১০ দিন ধরে চলে পতাকা তৈরির কাজ। পরে তাতে আর্জেন্টিনা দলের প্রতীক সংযোজন করা হয়। পুরো উদ্যোগে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তারা লিওনেল মেসির খেলা দেখে আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছেন। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি স্মরণীয় করে রাখতে এবং মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলকে উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, এবারও মেসির হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি।
স্থানীয় আর্জেন্টিনা সমর্থক সিদ্দিকুর রহমান বলেন, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এত বড় পতাকা তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি ব্রাজিলের জন্যও শুভকামনা জানিয়ে বিশ্বকাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার আশা প্রকাশ করেন।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমর্থকদের উচ্ছ্বাস যেন কোনো ধরনের বিশৃঙ্খলার কারণ না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

