কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৫) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে পুলিশ লাশটি উত্তোলন করে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, আট মাসের অন্তঃসত্ত্বা মনোয়ারা খাতুনের মৃত্যু রহস্যজনক ছিল। এ ঘটনায় তার দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মনোয়ারা খাতুন মারা যান। পরে তার ছেলে সুমন কুষ্টিয়ার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং মামলার তদন্ত কর্মকর্তা ও ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

