নোয়াখালীর জেলা শহরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে জজ আদালত সড়কের উত্তর পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। তবে দিনভর বিষয়টি নজরে না আসায় ঘটনাটি প্রকাশ্যে আসেনি।
পরে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ স্মৃতিস্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ভিডিওতে উপস্থিত একজনকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায় এবং নিজেদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী বলে দাবি করতে দেখা যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে আগে পুলিশকে জানানো হয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। ভিডিও ফুটেজ ও সিসিটিভি বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

