নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকার মুন্সির দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে কেশারপাড় এলাকার মুন্সির দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত শাওনের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য তথ্য জানতে তদন্ত চলছে।

