রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
এর আগে গত ১১ জুন সরকার আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ এ আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে।
গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। সদ্যজাত শিশুদের নামকরণ না হওয়ায় তাদের মায়েদের পরিচয়ে শনাক্ত করা হচ্ছিল।
এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। পরে ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
এদিকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এই রিট আবেদনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

