রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তাদের অবস্থানের কারণে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
বিক্ষোভরত শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— গত মে মাসের বেতন, ২০২৫ সালের ছুটির টাকা, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল, নোটিশ পে-বিল, শ্রম আইন অনুযায়ী ১২০ দিনের বেতন-ভাতা, শতভাগ সার্ভিস বেনিফিট এবং পাওনা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার নিশ্চয়তা। শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

