ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে এতে আর্জেন্টাইন সমর্থকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রেসিডেন্টের এই মন্তব্য ছিল নিছক হাস্যরস।
ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা এ মন্তব্য করেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের পারফরম্যান্সে অনেক সমর্থক সন্তুষ্ট না হলেও লুলা খুব বেশি উদ্বিগ্ন নন।
অন্যদিকে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের সৌজন্যে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই প্রসঙ্গ উঠলে হাসতে হাসতে লুলা বলেন, ‘আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না।’
লুলার মতে, মরক্কোই ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘লোকে বলে, যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কী হয়।’
আগামী ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। গুঞ্জন রয়েছে, চোটের কারণে নেইমার এই ম্যাচে খেলতে পারবেন না এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত।
তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন নেইমার। মাঠে হালকা অনুশীলনের সময় সাংবাদিকদের দেখে হাসিমুখে তিনি বলেন, ‘আমাকে কি মিস করেছ?’

