দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৫১৫ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ১২৬ জন পুরুষ এবং ৭২ জন নারী। নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া বরিশাল বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তিনি ৩১ থেকে ৩৫ বছর বয়সী একজন পুরুষ ছিলেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত দেশে মোট পাঁচ হাজার ৫১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিন হাজার ৪২৯ জন পুরুষ এবং দুই হাজার ৮৫ জন নারী।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরে সবচেয়ে বেশি এক হাজার ৪৮৯ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকার দুই সিটি কর্পোরেশনে মোট এক হাজার ৩৮৮ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৩ জনের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। সবচেয়ে বেশি তিনজন করে মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

