ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।
আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।
এর আগে গত ২০ জুন আপিল বিভাগ মামলাটিতে আদালত বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে মতামত দেওয়ার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে নিয়োগ দেন। পরে মামলার চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণ খেলাপির অভিযোগ তুলে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি সেই আপিল খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।
পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট দায়ের করা হলে ২৭ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। এর ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান আসলাম চৌধুরী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে আপিল বিভাগের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা গ্রহণ করেন। একই সঙ্গে নির্দেশ দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলাম চৌধুরী বিজয়ী হলেও সংশ্লিষ্ট আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।
পরবর্তীতে গত ৩১ মার্চ পৃথক আপিল আবেদন করা হয়। এরপর চেম্বার জজ আদালতের মাধ্যমে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। একাধিক দফা কার্যতালিকায় ওঠার পর শুনানি শেষে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

