ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আহত আবু বকর (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বকর ওই গ্রামের আলী আকবরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্বজনরা প্রথমে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, জমিজমা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত মামলা দায়ের হয়নি। তবে মামলা হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

