জুলাই আন্দোলনকে অবমাননা এবং এ নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা থানায় এ অভিযোগ জমা দেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং আন্দোলনের শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের সঙ্গে জড়িত ঘটনা, স্মৃতি ও জনআবেগকে লক্ষ্য করে অপপ্রচার চালিয়ে আন্দোলনের মর্যাদা ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, শান্তা ফারজানা নামে অভিযুক্ত এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

