বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে ধারাবাহিক প্রতারণা করছে। তিনি বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তোলে, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল যদি জনগণের সঙ্গে প্রতারণা করে, তবে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদের প্রতি আস্থা ও সম্মান হারাবে। তাঁর দাবি, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও বাস্তবে ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং অন্তর্বর্তী সরকারও সেই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার নিন্দাও জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের প্রশ্নে সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সেমিনারে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের মতে, নতুন করে সংঘাত ও রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

