বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এর আগে নেতাকর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
নবনির্বাচিত সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সংগঠন তার ওপর যে আস্থা রেখেছে, তিনি সেই আস্থার প্রতিদান দিতে চান। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে প্রশাসনের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে। এছাড়া নতুন কমিটি গঠনে সহযোগিতাকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

