বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে ফাইনালকে ঘিরে শেষ মুহূর্তে সেই দাম আরও কয়েকগুণ বেড়ে গেছে। বর্তমানে ফাইনালের টিকিট ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।
শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬,৪১১.২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার সমান। কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।
মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে বিশেষ হসপিটালিটি প্যাকেজের টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকার সমান।
টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র দেখা গেছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে, আর লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।
এবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও মনে করা হচ্ছে।
ফাইনালে আর্জেন্টিনার সামনে রয়েছে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ। পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সম্ভাবনাও রয়েছে তাদের। সর্বশেষ ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।
অন্যদিকে, স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। চলতি আসরে মেসি এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপের আগে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাতিল হলেও শেষ পর্যন্ত দুই দলের লড়াই হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালে।

