দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে এবং স্বাভাবিক নিয়মেই সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে।
বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, দেশের সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। তাই তেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে গ্রাহকদের স্বাভাবিকভাবে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী দেশের প্রতিটি পেট্রোল পাম্প থেকে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার কোনো প্রয়োজন নেই।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করলে বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি হতে পারে, যা সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

