বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বা মালিকানার একটি অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’-এর প্রধান ক্লডিয়াস শেফার।
রোববার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘জোনটাগস সাইতুং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেফার বলেন, পুরো প্রক্রিয়ায় ফিফার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সংস্থাগুলোকে যথাযথভাবে অবহিত না করে এমন একটি বড় বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, কোনো প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতির সাধারণ পরিণতি হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির পদত্যাগ বা অপসারণ।
৫৩টি পেশাদার পুরুষ ও নারী ফুটবল লিগের প্রতিনিধিত্বকারী শেফার আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা যদি অন্যদের না জানিয়ে একতরফাভাবে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।
ব্যাপক সমালোচনা ও ইউরোপীয় ফুটবল মহলের বিরোধিতার মুখে গত শুক্রবার বিতর্কিত পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেয় ফিফা। এর পরদিন ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ প্রকাশ্যে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানায়।
সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহী শেফারের অভিযোগ, প্রস্তাবিত পরিকল্পনার মূল লক্ষ্য ছিল আর্থিক লাভ এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃতীয় পক্ষকে সর্বোচ্চ মুনাফা পাইয়ে দেওয়া। এতে ফুটবলের সামগ্রিক স্বার্থ, বিশেষ করে ঘরোয়া প্রতিযোগিতা ও খেলোয়াড়দের ওপর বাড়তি ম্যাচের চাপের বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে তিনি দাবি করেন।
শেফার বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপের ঘরোয়া লিগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপগুলো ক্ষতির মুখে পড়তে পারত। একই সঙ্গে খেলোয়াড়দের ম্যাচের চাপও আরও বাড়ত।
ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ ‘ফিফা কাউন্সিল’-এর সদস্যরাও পরিকল্পনাটি সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না। ইনফান্তিনো যেভাবে পুরো প্রক্রিয়াটি এককভাবে পরিচালনা করেছেন, তা তাকে বিস্মিত করেছে বলেও মন্তব্য করেন শেফার।

