মুন্সীগঞ্জের সদর উপজেলার চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারী মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে কচুরিপানার মধ্যে দুটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। তার দুই হাত বাঁধা ছিল।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন।
তিনি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

