লবণ চাষিদের কষ্ট লাঘব ও তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে শিগগিরই লবণের নতুন মূল্য ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু কৃষকদের জন্য নয়, লবণ চাষিদেরও কৃষক কার্ডের আওতায় আনা হবে। লবণ চাষিদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সচ্ছল করতে সরকার তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।
তারেক রহমান বলেন, লবণের মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে এবং চাষিরা যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সরকার আনুষ্ঠানিকভাবে সেই মূল্য সবাইকে জানিয়ে দেবে। এর ফলে লবণ চাষিদের আগের মতো আর্থিক সংকটে পড়তে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সমুদ্র উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমুদ্র বাংলাদেশের জনগণের একটি বড় সম্পদ। এ সম্পদকে কাজে লাগিয়ে সমুদ্রসংলগ্ন এলাকায় শিল্প-কারখানা গড়ে তোলা হবে। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে।

